বিদ্যুতের তারে ঝলসে প্রাণ গেল সোনালি হনুমানের

ছবি: আগামীর সময়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপন্ন প্রজাতির সোনালি হনুমানের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার আমরইলছড়া চা-বাগানে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত হনুমানটিকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা শুরুর আগেই সেটি মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, চা-বাগানের ভেতরে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটি মাটিতে পড়ে যায়। পরে বাগানের লোকজন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদ্বীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে হনুমানটিকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় সেটিকে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসা দেওয়ার আগেই হনুমানটির মৃত্যু হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল আগামীর সময়কে বলেন,প্রাণীটিকে বাঁচানোর জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কিন্তু হাত-পা, লেজসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পায়খানার রাস্তাতেও আঘাতের চিহ্ন দেখা গেছে। চিকিৎসা দেওয়ার আগেই হনুমানটির মৃত্যু হয়। পরে মৃত হনুমানটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক আগামীর সময়কে বলেন, মৃত হনুমানটির জানকিছড়া রেসকিউ সেন্টারে ময়নাতদন্ত ও সুরতহাল করা হবে। এরপর সেটি মাটিচাপা দেওয়া হবে।



