সাঁথিয়ায় বজ্রপাতে একজনের মৃত্যু

ছবিঃ আগামীর সময়
পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আকরাম হোসেন (৪৪)। তিনি পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিন প্রামাণিকের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে আকরাম হোসেন বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। তখন আকাশ মেঘলা থাকলেও কোনো বৃষ্টি বা দমকা হাওয়া ছিল না। ঘাস কাটা অবস্থায় হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
দূর থেকে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করমজা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃষ্টিহীন অবস্থায় এমন বজ্রপাতে আকরামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

