অরাজকতা সৃষ্টি করে জনগণের ম্যান্ডেট পরাজিত করা যাবে না : হেলাল

সংগৃহীত ছবি
বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে জনগণের ম্যান্ডেট পরাজিত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল। তিনি বলেন, ‘বাংলাদেশ কোনো মাফিয়া, কোনো ষড়যন্ত্রকারী এবং কোনো বিদেশি স্বার্থের পরীক্ষাগার নয়। ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না। অরাজকতা সৃষ্টি করে জনগণের ম্যান্ডেটকে পরাজিত করা যাবে না।’
শুক্রবার বিকেলে খুলনা নগরের নতুন রেলস্টেশনের সামনে জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আজিজুল বারী হেলাল বলেন, দেশের জনগণের ম্যান্ডেটকে কোনো ষড়যন্ত্র, অরাজকতা কিংবা অপচেষ্টার মাধ্যমে পরাজিত করা যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার এ দেশের জনগণের। কোনো মাফিয়া, ষড়যন্ত্রকারী কিংবা বিদেশি স্বার্থ বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে থামিয়ে দিতে পারবে না।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও অধিকারকে সামনে রেখে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় যুবদলের নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
খুলনা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে হেলাল বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনে আরও গতিশীলতা আসবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে মানুষের পাশে দাঁড়াতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনির সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন। এ সময় নবগঠিত জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি জাবির আলী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলামসহ জেলা বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কেডি ঘোষ রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।




