বিএনপি ক্ষমতায় থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে: খন্দকার মারুফ

দুর্গাপূজার সপ্তমীতে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনকালে বক্তব্য রাখেন ড. খন্দকার মারুফ হোসেন। ছবিঃ সংগৃহীত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে। তাঁর দাবি, বিএনপি ক্ষমতায় থাকলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে।
আজ রবিবার শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ১৮টি পূজামণ্ডপ পরিদর্শনকালে বিভিন্ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খন্দকার মারুফ।
খন্দকার মারুফ হোসেন বলেছেন, মুসলিম, সনাতন, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ শত শত বছর ধরে এই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। মহান মুক্তিযুদ্ধেও সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে দেশ স্বাধীন করেছেন।
সব ধর্মের অনুসারীদের শান্তিপূর্ণ সহাবস্থানে সরকারের দেওয়া বক্তব্য তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ়ভাবে বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সরকার বদ্ধপরিকর। কোনো স্বার্থান্বেষী মহল উসকানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে সম্মিলিতভাবে তা প্রতিহত করতে হবে। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত রাষ্ট্র গঠনে পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা ও অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব।
বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন। তাঁর অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাতে হয়েছে এবং সংখ্যালঘু পরিচয়কে কেন্দ্র করে তাঁদের ওপর নির্যাতন চালানো হয়েছে।
দুর্গাপূজাকে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসব উল্লেখ করে খন্দকার মারুফ বলেন, এটি অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও সত্যের বিজয়ের প্রতীক। এ বছর পূজা নির্বিঘ্নে উদ্যাপনের আশ্বাস দিয়ে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের ষড়যন্ত্র ও সহিংসতা ঠেকাতে সরকার আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়েছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরাও নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকবেন।
এদিন দাউদকান্দি উপজেলার গৌরীপুর, মালীগাঁও, সুন্দলপুর, বিটেশ্বর, ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিণ ইউনিয়নের ১৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেন খন্দকার মারুফ। এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম পলাশ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।



