ছোট উদ্যোগে বড় মানবিকতা

বন্যায় ঘরবাড়ি হারানো পরিবারকে নতুন ঘর তৈরি করে দেওয়া, অসচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া, কাউকে রিকশা বা ক্ষুদ্র ব্যবসার পুঁজি দিয়ে স্বাবলম্বী হতে সহায়তা করা— এমন নানা উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে ‘ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ’। মাত্র ১৬ জন সদস্য নিয়ে দুই বছর আগে যাত্রা শুরু করা সংগঠনটি ৭০টির বেশি মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেছে। এসব কাজে ব্যয় হয়েছে প্রায় ১৬ লাখ টাকা। উপকৃত হয়েছেন দুই থেকে আড়াই হাজার মানুষ।
২০২৪ সালের ভয়াবহ বন্যা ফেনীর মানুষের জীবনে গভীর ক্ষত তৈরি করেছিল। সেই দুর্যোগে মানুষের অসহায়ত্ব কাছ থেকে দেখেই কিছু করার তাগিদ অনুভব করেন কয়েকজন তরুণ। সেই ভাবনা থেকেই ২০২৪ সালের ২৬ অক্টোবর সংগঠনটির যাত্রা শুরু। শুরুতে লক্ষ্য ছিল সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো। সময়ের সঙ্গে সেই উদ্যোগ বিস্তৃত হয়েছে শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের মতো বিভিন্ন ক্ষেত্রে।
সংগঠনটির কার্যক্রমের বড় একটি অংশ জুড়ে রয়েছে অসচ্ছল মানুষের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করা। গত দুই বছরে চারটি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। মেরামত করা হয়েছে আরও ১০টি ঘর। এ ছাড়া ৩০ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। জীবিকা নির্বাহের জন্য দুটি রিকশা, দুটি রিকশাভ্যান এবং ১০ জনকে ক্ষুদ্র ব্যবসার পুঁজি হিসেবে ১ লাখ টাকা দেওয়া হয়েছে।
সংগঠনের উপদেষ্টা জালাল উদ্দিন বাবলুর দাবি, মাত্র দুই বছরে সংগঠনটি ৭০টির বেশি কর্মসূচি বাস্তবায়ন করে জেলায় সাড়া ফেলেছে। সদস্যরা নিঃস্বার্থভাবে স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়ে কাজ করছেন। তার আশা, তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষ উপকৃত হবেন।
শুধু কর্মসংস্থান নয়; শিক্ষা ও চিকিৎসার বিষয়টিও গুরুত্ব পেয়েছে সংগঠনটির কর্মসূচিতে। ১৫ জন শিক্ষার্থীকে দেড় লাখ টাকা শিক্ষা অনুদান দেওয়া হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণে ব্যয় হয়েছে ১ লাখ টাকা। চিকিৎসা সহায়তা হিসেবে দেওয়া হয়েছে ২ লাখ টাকা। শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে বিতরণ করা হয়েছে আটটি হুইলচেয়ার।
দুর্যোগকালেও সংগঠনটির সদস্যরা মাঠে সক্রিয় ছিলেন। ২০২৫ সালের বন্যায় ফুলগাজীতে খাবার বিতরণে ব্যয় করা হয় ১ লাখ টাকা। পাশাপাশি দেশি ফলের উৎসব আয়োজন এবং প্রবীণ নাগরিকদের জন্য অনুষ্ঠানের আয়োজনেও অর্থ ব্যয় করেছে সংগঠনটি। এ দুটি কর্মসূচিতে যথাক্রমে ৩০ হাজার ও ১ লাখ টাকা খরচ হয়েছে।
এই কার্যক্রমে সদস্যদের পাশাপাশি সহযোগিতা করছেন সংগঠনের পৃষ্ঠপোষকরাও। সভাপতি ফয়জুল হক বাপ্পি বললেন, ‘আমাদের অর্ধশতাধিক পৃষ্ঠপোষক নিয়মিত সহযোগিতা করেন। পাশাপাশি সদস্যরা নিজেদের আয়ের একটি অংশও মানবিক কাজে ব্যয় করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে।’



