চলন্ত বাস থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যাত্রীর
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে পদ্মা সেতু সংলগ্ন সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাত্তারের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলায়।
শিবচর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ভাঙ্গা থেকে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে করে ঢাকা যাচ্ছিলেন সাত্তার। তিনি বাসের সামনের অংশে ইঞ্জিন কাভারের ওপর বসেছিলেন। বাসটি সীমানা এলাকায় পৌঁছালে হঠাৎ জোরে ব্রেক করে। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে সড়কে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি মিজানুর বলেছেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’






