স্কুলছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ধারণ, যুবক আটক

আটক শিহাব আহমদ
ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শিহাব আহমদ (২২) নামের এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শিহাব সিলেটের গোয়াইনঘাট উপজেলার বারহাল এলাকার বাসিন্দা। তার বাবার নাম বশির উদ্দিন।
এসআরবি-৯ জানায়, ভুক্তভোগী ছাত্রী সিলেটের গোয়াইনঘাটের একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। গত ৬ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে বারহাল বাজারের ইলিয়াছ মার্কেটের সামনে ওই ছাত্রীর সঙ্গে শিহাবের দেখা হয়। ছাত্রীর বাবার নির্দেশে উপবৃত্তির আবেদন করার জন্য ছবি তোলা হবে জানিয়ে তাকে মার্কেটের দ্বিতীয় তলায় একটি স্টুডিওতে যেতে বলেন শিহাব।
অভিযোগ অনুযায়ী, ছাত্রীটি দ্বিতীয় তলায় গেলে শিহাব তার পিছু নেন। পরে সিঁড়ির পাশের দেয়ালের আড়ালে নিয়ে ছাত্রীর মুখ চেপে ধরে তার পোশাক ছিঁড়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। এ ঘটনা কাউকে জানালে ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।
এসআরবি জানায়, গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর বিভিন্ন সময়ে ওই ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও তার বাবা ও ভাইয়ের মোবাইলে পাঠানো হয়। এ ছাড়া আল আমিন আহমদ নামের আরেক ব্যক্তির বিরুদ্ধে নিজের ফেসবুক আইডি থেকে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৯, সিপিএসসি, সিলেট ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শায়েস্তাগঞ্জের ওলিপুর রেলগেট এলাকায় অভিযান চালায়। রাত ৮টা ৫ মিনিটের দিকে সেখান থেকে মামলার এজাহারভুক্ত আসামি শিহাব আহমদকে আটক করা হয়।



