অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার, আইসক্রিম কারখানাকে জরিমানা

মানিকগঞ্জে অনুমোদন ছাড়াই মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করার অভিযোগে মিল্ক মিঠা নামের আইসক্রিম কারখানাকে জরিমানা করা হয়। সংগৃহীত ছবি
মানিকগঞ্জের সাটুরিয়ায় অনুমোদন ছাড়াই মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করার অভিযোগে একটি আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আসাদুজ্জামান রুমেল।
তিনি জানান, সিরাজুল ইসলামের মালিকানাধীন মিল্ক মিঠা নামের আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল আইসক্রিমের মোড়ক ধ্বংস করা হয়। এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয় প্রতিষ্ঠানটিকে।
সহকারী পরিচালক রুমেলের ভাষ্য, খাদ্যপণ্যের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজার তদারকিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







