পিরোজপুরে পূজা দেখে ফেরার পথে ট্রলার ডুবে প্রাণ গেল শিশুর, মা নিখোঁজ

ছবি: আগামীর সময়
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় ট্রলার ডুবে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন শিশুটির মা। সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে কালীগঙ্গা নদী বা নদী সংলগ্ন ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছেন নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম।
নিহত শিশু অর্পিতা বেপারী (৮) নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের বাসিন্দা শংকর বেপারীর মেয়ে। ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন শংকর বেপারীর স্ত্রী রিনা বেপারী (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূজার ছুটিতে ঢাকা থেকে সপরিবারে গ্রামে এসেছিলেন শংকর বেপারী। সোমবার রাতে শ্রীরামকাঠী এলাকা থেকে পূজা দেখে ট্রলারযোগে বাড়ি ফিরছিলেন তারা। তবে ট্রলারটি নাজিরপুর থেকে ভরতকাঠীর উদ্দেশে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে এবং স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে পারলেও রিনা বেপারী ও শিশু অর্পিতা ডুবে যান। এ সময় ট্রলারটিতে ৫০ জনেরও বেশি যাত্রী এবং ৬টি মোটরসাইকেল ছিল বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে রাত ১১টা ১০ মিনিটের দিকে শিশু অর্পিতার মরদেহ উদ্ধার করে। রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিরোজপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক রায়হানুর আশরাফ জানিয়েছেন, রাতেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হলেও অন্ধকারের কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে নিখোঁজ রিনা বেপারীকে উদ্ধারে পুনরায় অভিযান শুরু করা হবে।
নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা জানান, দুর্ঘটনার পর থেকেই প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা তদারকি করা হচ্ছে। এই দুর্ঘটনায় কারো কোনো অবহেলা প্রমাণ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



