আগামীর সময়

পদ্মা সেতুর পিলারের কাছে ভাসছিল শিক্ষার্থীর মরদেহ

পদ্মা সেতুর পিলারের কাছে ভাসছিল শিক্ষার্থীর মরদেহ

ছবিঃ আগামীর সময়

মুন্সীগঞ্জের মাওয়ার পদ্মা সেতু এলাকায় গোসল করতে নেমে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর মিলেছে স্কুলছাত্র আরাফাতের মরদেহ। মঙ্গলবার সকাল ৮টার দিকে পদ্মা সেতুর পিলারের কাছে মরদেহটি ভাসতে দেখে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মো. আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র। বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে গত রবিবার পদ্মায় নিখোঁজ হয় সে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ২৯ মার্চ দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে যায় আরাফাত। এ সময় চারজন একসঙ্গে পানিতে নামলেও তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে নিখোঁজ হয়ে যায় আরাফাত।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর আজ ৩১ মার্চ সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি তার মরদেহ ভেসে ওঠে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    শেয়ার করুন: