রায়পুরায় রেললাইনে আগুন, বিএনপির বিক্ষোভ

ছবি: আগামীর সময়
নরসিংদীর রায়পুরার খানাবাড়ী রেলওয়ে স্টেশনের ৫৮ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা রেললাইনে আগুন ধরিয়ে দেয়। তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
উপজেলা বিএনপির সদস্য মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার সময় নরসিংদী থেকে আসা যাত্রীদের মাধ্যমে তারা খবর পান, খানাবাড়ী স্টেশনসংলগ্ন একটি নির্জন এলাকায় একদল দুর্বৃত্ত রেললাইনে আগুন ধরিয়ে দিচ্ছে। খবর পেয়ে বাজারে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান তিনি। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে কচুরিপানা ও বালি ছিটিয়ে আগুন নেভান বিএনপি নেতাকর্মীরা।
খবর পেয়ে রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হক মোহন ও উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠুসহ দলের একাধিক নেতাকর্মী ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে রেললাইনে অগ্নিসংযোগের চেষ্টার প্রতিবাদে স্থানীয় ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।
অন্যদিকে খবর পেয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি মোবাইল ফোনে জানান, খানাবাড়ী স্টেশন এলাকার একটি নির্জন স্থানে দুর্বৃত্তরা রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।




