এনসিসিসি’র সদস্য হলেন নওগাঁ বিশ্ববিদ্যালেয়ের ভিসি ড. হাছানাত আলী

জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাঃ হাছানাত আলী। আজ সংশ্লিষ্ট দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যে ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ শীর্ষক দুটি পাঠ্যপুস্তক প্রণয়নের লক্ষ্যে শিক্ষাক্রম সমন্বয় কমিটির একটি সভা আহ্বান করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় ড. মোহাঃ হাছানাত আলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা।
এ ছাড়া নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ সরকারি কলেজ, বিএমসি মহিলা কলেজ, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
এ বিষয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাঃ হাছানাত আলী বলেন, “জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)-এর সদস্য হিসেবে মনোনীত হওয়া অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। এ মনোনয়ন অর্পিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আস্থার প্রতিফলন। আমি বিশ্বাস করি, সময়োপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব জাতীয় পাঠ্যক্রম প্রণয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাব।”
দেশ ও জাতির শিক্ষার উন্নয়নে নিজের দীর্ঘ অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ অবদান রাখার আশাও ব্যক্ত করেন তিনি।



