মহেশপুর সীমান্তে অভিযান, মাদক ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার

সংগৃহীত ছবি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, কোডিনযুক্ত নিষিদ্ধ সিরাপ এবং ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। তবে এই দুই অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ সোমবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
গত ২৪ মে আনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজাপুর বিওপির একটি দল সীমান্ত পিলার-৭১/৮-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের বাশারের আম বাগানে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ এবং ২৭২ বোতল নিষিদ্ধ কোডিন ফসফেট যুক্ত সিরাপ উদ্ধার করা হয়।
অপরদিকে ২৫ মে রাত আনুমানিক ২টা ২০ মিনিটে সীমান্ত বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়।
বিজিবির একটি দল সীমান্ত পিলার-৫৯/৩-এস হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর পাড়া ঈদগাহ মাঠের পশ্চিম পাশে একটি ঘাস বনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৫২০টি ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার মাদক ও অবৈধ ট্যাবলেটের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।






