লালমনিরহাট পৌঁছালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে পৌঁছেছেন। ছবি : পিএমও
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে পৌঁছেছেন। লালমনিরহাট বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও প্রশাসনের কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে লালমনিরহাট বিমানবন্দরে পৌঁছান। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর ছাড়েন তিনি।
এরপর প্রধানমন্ত্রীকে নেয়া হয় লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে ক্যাম্পাস পরিদর্শন করবেন তিনি।
পরে প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মন্ডলেরহাটে মডেল খাল পুনঃখননের উদ্বোধন করে জনসভায় বক্তব্য দেবেন।
শেষে লালমনিরহাট কালেক্টরেট মাঠে সামাজিক আন্দোলন আলোকীত লালমনিরহাটের স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় করে বিকেল চারটায় ঢাকার উদ্দেশ্যে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
প্রধানমন্ত্রীকে ঘিরে লালমনিরহাটে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে উচ্ছ্বাস।



