রাস্তার পাশে ৩ কার্টনের মধ্যে মিলল মরদেহের ছয় টুকরো

কার্টন তিনটি খুলে মরদেহ উদ্ধার করে পুলিশ- আগামীর সময়
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া (হাবরা) রাস্তার পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মধুখালী থানা পুলিশ তিনটি কার্টন থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানালেন, সকালে রাস্তার পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কার্টনগুলো থেকে দুর্গন্ধ ছড়ালে তারা মধুখালী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টন তিনটি উদ্ধার করে। কার্টনগুলো খুললে এর ভেতর থেকে এক পুরুষের ছয় টুকরো মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান জানালেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হলে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



