রংপুরে ২৬ মামলার আসামি ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমন
রংপুরের চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদক, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে ২৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ সোমবার ভোরে রংপুর নগরের সিও বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এসআরবি-১৩ রংপুরের উপঅধিনায়ক মেজর সাইফুল ইসলাম।
মেরিল সুমন নগরের শালবন শাহীপাড়া এলাকার আবু হানিফের ছেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্রসহ মেরিল সুমনকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র্যাব-৫।
২০১৯ সালে রংপুর মহানগরের তাজহাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, রিভলবার, গুলি, শুটার গান ও চীনা কুড়ালসহ তাকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র্যাব-১৩। ২০২৩ সালে মহানগরের ইস্টার্ন হাউজিং এলাকা থেকে পিস্তল ও ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া চলতি বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ওপর হামলা, নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনার অভিযোগে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ঠাকুরগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
এসআরবি জানায়, মেরিল সুমন দীর্ঘদিন ধরে রংপুর অঞ্চলের অপরাধজগতে সক্রিয়। তার বিরুদ্ধে রংপুরসহ দেশের বিভিন্ন থানায় মোট ২৬টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



