স্বামী ও দ্বিতীয় স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ: প্রথম স্ত্রী গ্রেপ্তার

পটুয়াখালীর মহিপুরে স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফের মহিপুর উপজেলার লতাচাপলী ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের মো. হাসান সরদার (২৪) গত ১৭ মে ২০২৬ তারিখে বরগুনার তালতলী উপজেলার গাবতলী এলাকার বাসিন্দা মোসা. মীম (১৯) কে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের বিষয়টি জানতে পেরে তার প্রথম স্ত্রী মোসা. খাদিজা বেগম (২৩) ক্ষুব্ধ হয়ে ওঠেন।
অভিযোগ রয়েছে, ঘটনার রাতে খাদিজা বেগম স্বামীর বাড়িতে গিয়ে ঘরের দেয়াল কেটে (সিঁধ কেটে) গোপনে ভেতরে প্রবেশ করেন। পরে ঘুমন্ত অবস্থায় স্বামী হাসান সরদার ও তার দ্বিতীয় স্ত্রী মীমের ওপর ধারালো দা দিয়ে এলোপাতাড়ি হামলা চালান। এতে দুজনই গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত খাদিজা বেগমকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় আহত হাসান সরদারের মা মোসা. নুরজাহান বেগম (৬০) বাদী হয়ে মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেছেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।




