আগামীর বাংলাদেশ নির্মাণের কারিগর শিক্ষকেরা: সমাজকল্যাণমন্ত্রী

ছবি: আগামীর সময়
নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘আজকের শিক্ষকেরাই আগামীর বাংলাদেশ নির্মাণের কারিগর। সমাজে বাল্যবিবাহ, মাদকের ভয়াবহতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এসব প্রতিরোধে শিক্ষকদের এগিয়ে আসতে হবে।’
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি, ময়মনসিংহ জেলা শাখার সংবর্ধনা ও ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আপনারা জাতীয়করণ বা সরকারিকরণ নিয়ে ভাবছেন। সরকার ভাবছে আরও বড় কিছু নিয়ে। সরকার শিক্ষকদের সম্মানিত করতে চায়। তাই আপনাদের আরও দায়িত্বশীল হতে হবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি বলেন, সরকারের বদনাম করার জন্য একটি চক্র নিয়মবহির্ভূতভাবে শিক্ষকদের বদলির চেষ্টা করছে। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সেলিম ভূঁইয়া আরও বলেন, ‘এই সরকার না করলে আর কোনো সরকার আপনাদের দাবি বাস্তবায়ন করবে না।’
সম্মেলনে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ, মো. আকতারুজ্জামান, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন এবং বাকশিসের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক শেখ আমজাদ আলী প্রমুখ।
সম্মেলনে শিক্ষকসমাজের বিভিন্ন দাবি, শিক্ষকদের মর্যাদা এবং শিক্ষা খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।



