বিশুদ্ধ পানির সংকটে লাখো মানুষ
- দুই মাস ধরে পানি সরবরাহ ব্যাহত তারাব পৌরসভায়

গ্রাফিকস: আগামীর সময়
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় প্রায় দুই মাস ধরে পানি সরবরাহ ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ বাসিন্দা। বিশুদ্ধ পানির অভাবে রান্না, গোসল ও দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক ও নিম্ন আয়ের পরিবারগুলো। অনেকেই বাধ্য হয়ে টাকা দিয়ে কিনছেন খাবার পানি।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারাব পৌরসভায় ১০টি পাম্পের মাধ্যমে যাত্রামুড়া, মোগরাকুল, মৈকুলি, দিঘীবরাবো, মাসাবো, খাদুনসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় পানি। কিন্তু অধিকাংশ পাম্প বন্ধ থাকায় সরবরাহব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে। বাসিন্দাদের অভিযোগ, পানি না পেলেও নিয়মিত আদায় করা হচ্ছে বিল। অনেকে দূর থেকে পানি সংগ্রহ করছেন, আবার কেউ কেউ বাধ্য হচ্ছেন পুকুরের দূষিত পানি ব্যবহার করতে।
খাদুন এলাকার বাসিন্দা মুখলেসুর রহমানের দাবি, ‘দুই মাস ধরে ঠিকমতো পানি পাচ্ছি না। ছোট ছোট সন্তান নিয়ে খুব কষ্টে আছি। বিল ঠিকই নেওয়া হচ্ছে, কিন্তু পানি মিলছে না।’
পৌর কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে চালানো যাচ্ছে না পাম্প। তবে এই ব্যাখ্যা মানতে নারাজ স্থানীয়রা।
তারাব পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আতাউর রহমান বললেন, ‘অতিরিক্ত লোডশেডিংয়ের কারণেই পানি উত্তোলন ব্যাহত হচ্ছে।’ আর পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম জয় বললেন, ‘বিদ্যুতের স্বল্পতার কারণে সব পাম্প একসঙ্গে চালানো সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।’
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাজমুল হাসানের দাবি, জ্বালানি সংকটের কারণে সারা দেশেই লোডশেডিং বেড়েছে। তবে তারাব এলাকায় প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।




