গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকাল থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে কার্যালয় বন্ধ করে তারা বাড়ি ফিরে যান। এরপর রাত ২টার দিকে কার্যালয়ের সামনে বিকট শব্দে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। শব্দ শুনে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা ঘটনাস্থলে এসে ককটেলের খোসা এবং একটি বোতলে পেট্রল পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
চাপিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন আগামীর সময়কে জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে কার্যালয় বন্ধ করে তারা বাড়ি চলে যান। রাত ২টার দিকে বিস্ফোরণের শব্দ শুনে বাইরে এসে কার্যালয়ের সামনে দুটি ককটেলের খোসা দেখতে পান।
তার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। বিভিন্ন স্থানে তাদের নাশকতামূলক কর্মকাণ্ড দেখা যাচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আগামীর সময়কে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ককটেলের খোসা উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।




