বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

বগুড়ার সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ। ছবি: আগামীর সময়
বগুড়ার সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়। এ সময় তারা জয় বাংলা স্লোগান দেয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে শহরের মাটিডালী এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে কয়েকজন দুর্বৃত্ত আসে। এ সময় তাদের একজন উপজেলা পরিষদ লক্ষ্য করে একটি ককটেল ছোড়ে। বিস্ফোরণের পরপরই তারা মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ককটেল ছোড়ার পর দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মোটরসাইকেলে পালিয়ে যাচ্ছে।
ঘটনার পরপরই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে দুর্বৃত্তদের পরিচয় শনাক্ত করা যায়নি।
ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে ওসি ইব্রাহীম আলী জানিয়েছেন, সদর উপজেলা পরিষদের ভেতরে কোনো বিস্ফোরণ ঘটেনি। সড়ক থেকে পরিষদের সামনে ককটেল ছুড়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। ঘটনার সময় রাতে দুজন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তবে তারা কাউকে চিনতে পারেননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।




