জামালপুর
'স্পাইডারম্যান’ কায়দায় চুরি, অবশেষে গ্রেপ্তার সোমা

অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন জামালপুরের ‘স্পাইডারম্যান’ খ্যাত চোর মোছা. সোমা আক্তার (২০)। এ সময় তাঁর সহযোগী মো. সবুজ হাসানসহ (২১) মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে জেলা পুলিশের একটি দল পৌর শহরের শাহাপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফুলবাড়িয়া মুন্সিপাড়া (শাহাপুর স্টেশনের পাশে) এলাকার মুনসুর আলীর মেয়ে সোমা আক্তার, একই এলাকার মো. নওশের আলী ওরফে মিষ্টি মিয়ার ছেলে সবুজ হাসান, পৌর শহরের মির্জা রাইস মিল এলাকার মো. খাদেম আলীর ছেলে ছামিদুল হক ওরফে আশিক (২৬) এবং ফুলবাড়িয়া মুন্সিপাড়া এলাকার নওশের আলী ওরফে মিষ্টি মিয়ার মেয়ে স্বপ্না (২৩)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের দক্ষিণ কাচারীপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা মো. গোলাম সরওয়ার চৌধুরীর নির্মাণাধীন একটি বাসা থেকে বিদ্যুতের মালামাল চুরি হয়। এ ঘটনার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।
পরে জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে সরিষাবাড়ি থেকে স্বপ্না ও ছামিদুল হক ওরফে আশিককে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহাপুর এলাকায় অভিযান চালিয়ে ভেন্টিলেটর বেয়ে ঘরে প্রবেশকারী ‘স্পাইডারম্যান’ খ্যাত সোমা ও তাঁর সহযোগী সবুজ হাসানকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ১৪ কয়েল বিদ্যুতের তার, ১০টি ইলেকট্রিক বোর্ড, একটি সার্কিট ব্রেকার সেট এবং ৩০টি সুইচ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৩৩ হাজার ৮০০ টাকা।
এ ঘটনায় মো. গোলাম সরওয়ার চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন বললেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ গুরুত্বসহকারে বিশ্লেষণ করা হয়েছে। প্রযুক্তিনির্ভর তদন্ত ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অল্প সময়ের মধ্যেই জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
'জামালপুর জেলা পুলিশ অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণের সহযোগিতা এবং তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার এ ধরনের অভিযানে সফলতা বাড়াচ্ছে।' যোগ করেন তিনি।
উল্লেখ্য, শনিবার (৪ এপ্রিল) দক্ষিণ কাচারীপাড়া (শান্তিবাগ) এলাকায় গোলাম সরওয়ার চৌধুরীর নির্মাণাধীন ভবনে ভেন্টিলেটর দিয়ে ঢুকে বিদ্যুতের তারসহ বিভিন্ন মালামাল চুরি করা হয়। পাশের বাড়ির সিসিটিভিতে ঘটনাটি ধরা পড়ে এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
















