কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি

সংগৃহীত ছবি
কুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ মো. মোস্তাক (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ পাঁচথুবি ইউনিয়নের শালধর এলাকায় গোমতী নদীর পাড়সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোস্তাক সীমান্তবর্তী গোলাবাড়ি গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, মোস্তাক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করে।
তিনি আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।






