দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্তু উদ্ধার, আটক ৮

জামালপুরের দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের একটি বস্তু উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা বস্তুটি প্রকৃত কষ্টিপাথর হলে এর আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এর অংশ হিসেবে দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকায় টিনের তৈরি একটি ইলেকট্রিশিয়ানের দোকানের পেছনের কক্ষে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কষ্টিপাথর সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার চকপাড়া গ্রামের সাইদুল ইসলাম (৪১), তারাটিয়া বাজারের ফরহাদ হোসেন (৩৫), মদ্দেরচর গ্রামের বাবু মিয়া (৪২) ও পোড়াভিটা গ্রামের ফেলু মিয়া (৩১)। অন্য চারজন হলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাগুয়া গ্রামের আমজাদ হোসেন (৭০), গোপালপুর উপজেলার সুতীগোপালপুর গ্রামের জোয়াহের (৫৩), ধনবাড়ী উপজেলার মুশুদ্দি দক্ষিণপাড়া গ্রামের সবুজ মিয়া (৪৪) এবং কামরুজ্জামান ওরফে রিপন (৬০)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, স্বর্ণকার দিয়ে প্রাথমিকভাবে পরীক্ষা করে বস্তুটি কষ্টিপাথর বলে ধারণা করা হয়েছে। তবে অধিকতর পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।




