প্রধানমন্ত্রীর কাছে স্বামী হত্যার বিচার চাইলেন নিহত বিএনপি নেতার স্ত্রী

নড়াইলের কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যার স্ত্রী রিমা বেগম
‘১০ বছরের সংসার করে আমি বিধবা হয়ে গেলাম। এখন আমি কী করব? আট বছরের একমাত্র ছেলেকে নিয়ে কোথায় যাব? প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।’ স্বামীকে হারিয়ে এভাবেই আহাজারি করছিলেন নড়াইলের কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যার স্ত্রী রিমা বেগম।
তিনি বলেন, সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তার স্বামী। একটি শো-রুমে চাকরি করে মাসে ১০ হাজার টাকা বেতন পেতেন তিনি।
গতকাল বুধবার নড়াইলের কালিয়া উপজেলা সদরের বেন্দারচর এলাকায় শাহীন মোল্যাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। একই হামলায় প্রাণ হারিয়েছেন জাসাসের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্যাও। দুই নেতার মৃত্যুতে তাদের পরিবারে চলছে শোকের মাতম।
নিহত শাহীন মোল্যার বাবা নিছার উদ্দিন মোল্যা বলেন, ‘যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার বয়স ৭০ বছরের বেশি। ছেলেটাই ছিল আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস।’
নিহত সোহেল মোল্যার বড় ভাই বলেন, ‘আমার ভাইয়ের অপরাধ কী ছিল? আমরা নিঃস্ব হয়ে গেলাম। আমরা তো বিএনপির কর্মসূচিতে গিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বলতে চাই, আমার মতো যেন আর কাউকে ভাই হারাতে না হয়।’
এ সময় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্দেশে তিনি বলেন, ‘ভাই, এখন আপনি মন্ত্রী। আপনার সঙ্গে জেল খেটেছি। আমাদের ভুলে যাবেন না।’ এভাবেই ছোট ভাইকে হারানোর বেদনা প্রকাশ করেন তিনি।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া উপজেলা মডেল মসজিদ চত্বরে শাহীন ও সোহেলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, শাহীন ও সোহেল হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বুধবার বিকালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে মিছিল বের করেন। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে সামনে এগোচ্ছিল। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় শাহীন ও সোহেল মোল্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।




