যশোরে ৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোর পৌরসভা এলাকায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে কঠোর নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ঘোষণা দিয়েছেন, ঈদের দিন বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগতভাবে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
বুধবার যশোর পৌরসভা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। সভায় ঈদুল আজহার দিন ও পরবর্তী সময়ে শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ঈদের আনন্দের পাশাপাশি শহর পরিচ্ছন্ন রাখা নাগরিক দায়িত্ব। দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করে বাসিন্দাদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি জানান, ঈদের দিন দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে যশোর শহরের সব কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করতে হবে। বিকেল ৪টার পর শহরের কোথাও বর্জ্য পড়ে থাকতে পারবে না।
সপরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহ দিতে তিনি ব্যক্তিগতভাবে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন। একই সঙ্গে এই বার্তা ঈদের খুতবা ও ঈদগাহে প্রচারের জন্য ইমাম পরিষদের সহযোগিতা নেওয়ার নির্দেশনাও দেন।
যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
সভায় বক্তারা বর্জ্য অপসারণ কার্যক্রম সফল করতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী, পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম তুহিন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, রবীন্দ্রনাথ রাহা, মোহাম্মদ হান্নান, কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদুল বারী ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।







