তিতাসে বিনামূল্যে প্রাণী স্বাস্থ্যসেবা ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত

ছবি: আগামীর সময়
কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামে বিনামূল্যে প্রাণী স্বাস্থ্যসেবা ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে গাজীপুর গ্রামে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ৫০টি গবাদিপশুকে বিনামূল্যে টিকাদানসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।
চিকিৎসাসেবা প্রদান শেষে স্থানীয় সফল খামারি ও অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক জনাব সরকার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হাঁস-মুরগি ও গরু-ছাগল পালনের মূলনীতি এবং তীব্র তাপপ্রবাহে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত বৈঠকে এলাকার ৩০ জন সফল কৃষক-কৃষাণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাকিল আহমেদের নির্দেশনায় এই ক্যাম্প ও উঠান বৈঠক পরিচালনা করেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহজাহান মিয়া।
বিনামূল্যে গবাদিপশুর টিকা ও চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় কৃষক-কৃষাণীরা সন্তোষ প্রকাশ করেছেন। এ ধরনের প্রাণী স্বাস্থ্যসেবা ক্যাম্প নিয়মিত চালু রাখার দাবি জানিয়ে তারা বলেছেন, এর ফলে গবাদিপশুর রোগবালাইয়ের প্রকোপ কমবে। পাশাপাশি এলাকায় হাঁস-মুরগি ও গবাদিপশু পালনে সাধারণ মানুষের আগ্রহ আরো বাড়বে বলেও তারা আশা প্রকাশ করেন।




