১১ বছর পর গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

গ্রাফিকস: আগামীর সময়
কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। মানবপাচার মামলায় দণ্ডিত হওয়ার পর দীর্ঘ ১১ বছর পলাতক ছিলেন আসামি ফরিদা খাতুন (৩৮)।
রবিবার র্যাব-১৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় র্যাব জানতে পারে মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফরিদা খাতুন টেকনাফের বাহারছড়া এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে রাত ৮টায় র্যাব-১৫ এর সদর ব্যাটালিয়নের একটি দল বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টার অভিযানের পর রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফরিদা খাতুন কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলীর মুজিবনগরের শুকনাছড়ি এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, ফরিদার বিরুদ্ধে ২০১৫ সালে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
র্যাবের দাবি, আদালতের রায় ঘোষণার পর থেকে দীর্ঘ ১১ বছর টেকনাফের দুর্গম সীমান্তবর্তী ও উপকূলীয় বাহারছড়াসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন ফরিদা খাতুন। গ্রেপ্তারের পর পরিচয় ও মামলার তথ্য যাচাই শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




