আটক ৩৭
সিনেমা হলে বিশেষ কক্ষ, চলে অনৈতিক কর্মকাণ্ড

ছবি: আগামীর সময়
সিনেমা হলে বিশেষভাবে তৈরি ছোট ছোট কক্ষ, আছে বিছানাও। সেখানে জড়ো হত অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীরা। কেউ স্কুলের, কেউ কলেজের। জড়াত অনৈতিক কর্মকাণ্ডে।
এমনই অভিযোগ পেয়ে রবিবার সন্ধ্যায় রংপুর নগরীর শাপলা সিনেমা হলে হাজির মহানগর গোয়েন্দা পুলিশ। ভবনের তৃতীয় তলা থেকে আটক করা হয় ৩৭ জনকে। এদের মধ্যে ৩৫ জন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, দুই জন সিনেমা হলের কর্মচারী। এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী।
পুলিশের ভাষ্য, সিনেমা চলাকালীন ওই কক্ষগুলো ভাড়া দেওয়া হতো স্কুল-কলেজের অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের কাছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে, হাতেনাতে ১৬ জন ছেলে ও ১৯ জন মেয়েকে আটক করা হয়।
আটক শিক্ষার্থীদের মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। সিনেমা হলের মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

