গাজীপুর
স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ স্বামী, ঝোঁপে মিলল মরদেহ

সংগৃহীত ছবি
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার এক কর্মচারীকে ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঝোঁপ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম মো. শফিকুল ইসলাম বুলবুল (৫০)। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামের নবাব আলীর ছেলে। তিনি প্রোডাকশন এটেনডেন্স হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, শফিকুল থাকতেন সফিপুর আনসার ভিডিপি একাডেমির তিন নম্বর গেট এলাকায় নিজ ফ্ল্যাটে।
স্ত্রীকে কারখানা থেকে আনতে তিনি বাসা থেকে বের হন বুধবার রাত ১০টায়। কিন্তু স্ত্রী কারখানা ছুটি শেষে স্বামীকে না পেয়ে একাই বাসায় ফেরেন। স্বামী সারারাত বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে ব্যর্থ হন স্ত্রী ও তার স্বজনরা।
আজ সকালে মহাসড়কে কারখানার উল্টো পাশে আনসার একাডেমি লেকের পাড়ে লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে সোশ্যাল মিডিয়ায় শফিকুল ইসলাম বুলবুল নিহতের খবর ছড়িয়ে পড়লে স্বজন ও সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিচয় শনাক্ত করেন। আঘাতের চিহ্ন রয়েছে নিহতের শরীরের বাম উরুতে।
পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে বুধবার দিবারাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে গেছে ঝোঁপের মধ্যে।
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. রুকুনউদ্দিন খান বলছিলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি কারখানায় ডিউটি শেষে বাড়িতে ফিরে যান। সকালে আমরা তার মৃত্যুর খবর পেয়ে থানায় এসে পরিচয় শনাক্ত করি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা। তার শরীরের বিভিন্ন স্থানে আছে আঘাতের চিহ্ন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



