ফেলনা কাপড়ে কোটি টাকার শিল্প

ঢাকার পোশাক কারখানার বাতিল কাপড় বা ঝুট একসময় ফেলে দেওয়া হতো। সেই ফেলনা কাপড়ই এখন নীলফামারীর সৈয়দপুরে গড়ে তুলেছে কোটি টাকার পোশাকশিল্প। এসব কাপড় থেকে তৈরি হচ্ছে জ্যাকেট, ট্রাউজার, সোয়েটারসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র। কম দাম ও ভালো মানের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে এসব পোশাকের চাহিদা। রপ্তানি হচ্ছে ভারত, নেপাল ও ভুটানেও। পাঁচ শতাধিক কারখানায় কর্মসংস্থান হয়েছে তিন থেকে চার হাজার মানুষের। চলতি মৌসুমে এ শিল্পে ১০-১৫ কোটি টাকার পোশাক বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা।
পাকিস্তান আমল থেকেই সৈয়দপুরে ঝুট কাপড় দিয়ে পোশাক তৈরির প্রচলন। সময়ের সঙ্গে এ শিল্পের পরিধি বেড়েছে। বর্তমানে শহর জুড়ে গড়ে উঠেছে পাঁচ শতাধিক ক্ষুদ্র ও মাঝারি পোশাক কারখানা। শহরের মুন্সীপাড়া, কয়ানিজপাড়া, নয়াটোলা, হাতিখানা, মিস্ত্রিপাড়া, বাবুপাড়া, গোলাহাট ও বাঁশবাড়ী এলাকায় ছড়িয়ে আছে কারখানা।
কারখানাগুলোতে সারা বছরই পোশাক তৈরি হয়। তবে শীত মৌসুমে উৎপাদনের বড় অংশ জুড়ে থাকে জ্যাকেট, ট্রাউজার ও শিশুদের শীতবস্ত্র। অন্য সময় তৈরি হয় টি-শার্ট, জিনসের প্যান্ট, শর্টসসহ বিভিন্ন পোশাক। ঢাকার তৈরি পোশাক কারখানা থেকে তুলনামূলক কম দামে ঝুট কাপড় সংগ্রহ, স্থানীয় শ্রমিকের সহজলভ্যতা এবং কম পরিবহন ব্যয়ের কারণে উৎপাদন খরচও থাকে তুলনামূলক কম। ফলে সাশ্রয়ী দামে ভালো মানের পোশাক তৈরি করতে পারছেন উদ্যোক্তারা।
শহরের ডা. আব্দুল মজিদ রোডের শীতবস্ত্র মার্কেটে গেলে এই শিল্পের ব্যস্ততার চিত্র দেখা যায়। শতাধিক দোকানে চলছে বেচাকেনা। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাটসহ উত্তরের বিভিন্ন জেলা থেকে পাইকারি ক্রেতারা আসছেন পোশাক কিনতে।
ক্রেতাদের কাছে সৈয়দপুরের পোশাকের প্রধান আকর্ষণ সাশ্রয়ী দাম। লালমনিরহাট থেকে আসা পাইকারি ক্রেতা আব্দুল রাজ্জাক জানালেন, সৈয়দপুরে কম দামে ভালো মানের শীতের পোশাক পাওয়া যায়। তাই প্রতি বছর এখান থেকে জ্যাকেট ও ট্রাউজার কিনে নিজ এলাকায় বিক্রি করেন। তার এলাকায়ও এসব পোশাকের চাহিদা রয়েছে।
তবে মৌসুমের শুরুতে বাজার এখনো পুরোপুরি জমে ওঠেনি। সৈয়দপুর ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির রপ্তানিকারক মো. ফাইয়াজুল হক সাজুর ভাষ্য, শীতের তীব্রতা এখনো সেভাবে বাড়েনি। শীত বাড়লে স্থানীয় বাজারে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা। তিনি মনে করেন, এ শিল্পের আরও বিকাশে কাঁচামালের দাম নিয়ন্ত্রণ, পুঁজির সংকট দূর করা, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো জরুরি।



