টাঙ্গাইল
শিশুকে ধর্ষণের পর নাক-মুখ থেঁতলে হত্যাচেষ্টা

গ্রাফিকস: আগামীর সময়
টাঙ্গাইল শহরের বড় কালীবাড়ি মার্কেটের চতুর্থ তলার ছাদ থেকে ছয় বছর বয়সী এক শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। শিশুটিকে ধর্ষণের পর নাক-মুখ থেঁতলে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিপ্লব হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বড় কালীবাড়ি মার্কেটের চতুর্থ তলার ছাদে শিশুটিকে নাক-মুখ থুবড়ানো অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
শিশুটির মা রাত্রি জানান, তিনি মাহমুদুল হাসান মার্কেটের দ্বিতীয় তলায় ঐশ্বর্য বিউটি পার্লারে কাজ করতেন। শুক্রবার দুপুরে খাবার খেতে যাওয়ার জন্য মেয়েকে পার্লারে রেখে বাইরে যান। এ সময় বিপ্লব নামের এক ব্যক্তি চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে বাইরে নিয়ে যান। এরপর মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।
রাত্রি আরও জানান, প্রায় এক ঘণ্টা পর বিপ্লব হোসেন আবার পার্লারে ফিরে আসেন। তখন তিনিও শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করেন। বিপ্লব শামীম পিঠাঘরে থাকতেন এবং মাঝেমধ্যে তাকে খাবার দিতেন বলেও জানান তিনি। কিছুক্ষণ পর এক রিকশাচালক এসে তাকে জানান, তার মেয়েকে বড় কালীবাড়ি মার্কেটের চতুর্থ তলার ছাদে পাওয়া গেছে। এ সময় বিপ্লব দৌড়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন শিশুটির মা।
পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত বিপ্লব হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন রাত্রি।
টাঙ্গাইল সদর হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক জানান, শিশুটির নাক-মুখ ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। এতে নাকের হাড় ভেঙে গেছে। এ ছাড়া যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হবে।
এ ঘটনায় শিশুটির মা টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




