রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির, অনুষ্ঠানস্থলে বিদ্যুৎ বিভ্রাট

সিলেট সিটি করপোরেশনের নগর ভবনে রাষ্ট্রপতির সংবর্ধনাস্থল
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর ঘিরে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে সিলেট মহানগর বিএনপি। সংবর্ধনা কমিটি গঠন নিয়ে আপত্তি তুলে বয়কটের সিদ্ধান্ত জানিয়েছেন নেতারা।
এদিকে, সিলেট সিটি করপোরেশনে (সিসিক) সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতির মধ্যেই দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। এটিকে কারিগরি ত্রুটি বলছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
আজ মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেলা সাড়ে ১১টার দিকে সার্কিট হাউসে স্বল্প সময়ের জন্য অবস্থান করেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতি নগরের দরগাহ গেট এলাকায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি দেশ ও জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশ নেন।
এরপর তিনি খাদিমনগরে হজরত শাহপরান (রহ.)-এর মাজারে যান। সেখানে মাজার জিয়ারতের পাশাপাশি যোহরের নামাজ আদায় করেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই মির্জা ফখরুল ইসলামের প্রথম সিলেট সফর। এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী রাহাত আরা বেগম। সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরীর সাতটি পয়েন্টে অবস্থান নিয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
তবে দুপুরে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান, নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন না মহানগরে কোনো নেতাকর্মী।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন, ‘যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করে সংবর্ধনার আয়োজন এবং আয়োজকদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো অনুষ্ঠানটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।’
এদিকে নগর ভবনে সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতির মধ্যেই বেলা পৌনে ৩টার দিকে বিদ্যুৎ চলে যায়। মঞ্চসহ আশপাশ অন্ধকার হয়ে পড়ে। তবে তখনও রাষ্ট্রপতি নগর ভবনে পৌঁছাননি। প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
দুপুর ২টা থেকেই আমন্ত্রিত অতিথিরা নগর ভবনে আসতে শুরু করেন। নগরের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে সংবর্ধনাস্থলে ব্যস্ততা বাড়তে থাকে। এর মধ্যেই হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় কিছুটা ভোগান্তিতে পড়েন অতিথিরা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন জানিয়েছেন, ঘটনাটি কোনো লোডশেডিং ছিল না। ‘রাষ্ট্রপতির অনুষ্ঠানে লোডশেডিং করার প্রশ্নই আসে না। অন্য কোনো কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে’- বললেন তিনি।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিলেটে কোনো লোডশেডিং রাখা হয়নি জানিয়ে তিনি বলেছেন, কোথাও কোথাও লো-ভোল্টেজের সমস্যা ছিল। ঢাকায় সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে তা সমাধান করা হয়েছে।



