দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাস ৮৬৭ এসএসসি পরীক্ষার্থী

দিনাজপুর শিক্ষা বোর্ড
দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর ৮৬৭ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।
নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৭৫ জন। এছাড়া অন্য পরীক্ষার্থীদের ফল পরিবর্তন হয়ে গ্রেড পয়েন্টের উন্নতি হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।
বিষয়টি জানিয়েছেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।
দিনাজপুর শিক্ষা বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন ৩৭ হাজার ২৯৬ জন। এসব আবেদনের ভিত্তিতে মোট ৮৯ হাজার ২৮৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়।
উল্লেখ্য, গত ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫৮ দশমিক ৫ শতাংশ।



