সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্যের প্রতীক: এমরান সালেহ প্রিন্স

ভালুকা উপজেলা পরিষদের হল রুমে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ঐতিহ্যের প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
আজ রবিবার সকালে ভালুকা উপজেলা পরিষদের হল রুমে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বললেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’- এই চেতনাকে ধারণ করেই একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। ধর্মীয়, জাতিগত ও সামাজিক সম্প্রীতি বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সম্প্রীতি বাংলাদেশের অন্যতম শক্তি। এই শক্তিই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শক্তি ও সাহস জোগাচ্ছে।
তিনি উল্লেখ করেন, জেলা পরিষদ জনগণের প্রতিষ্ঠান। দল, ধর্ম ও সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। সেই দায়িত্ববোধ থেকেই শারদীয় দুর্গোৎসব উদযাপনে পূজামণ্ডপগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এ সহযোগিতা দুর্গাপূজা উদযাপনে কিছুটা হলেও সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন, সাধারণ সম্পাদক রতি রঞ্জন বর্মন এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক রানা সরকার প্রমুখ।
দুর্গাপূজা উদযাপনে সরকারের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে ভালুকা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি স্বপ্ন বণিকের ভাষ্য, তারেক রহমানের বিএনপি সরকার এ বছর পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়েছে।
ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান জানালেন, জেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার ২৭টি মন্দির পরিচালনা কমিটির নেতাদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে।



