বাঁশিতে জীবন চলে বংশীবাদক আবদুল্লাহর

বংশীবাদক আবদুল্লাহ
দিনাজপুরের নবাবগঞ্জের জগন্নাথপুর এলাকার আবদুল্লাহ ৬০ বছর ধরে বাঁশি বাজিয়ে ও বাঁশি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। ১২ বছর বয়সে অভাবের তাড়নায় মাঠে রাখালের কাজ করতেন আবদুল্লাহ। সেই মাঠেই গোপাল রায় নামের এক রাখাল বাঁশি বাজাতেন। গোপালের বাঁশির সুরে মুগ্ধ হন আবদুল্লাহ। একদিন গোপালের কাছ থেকে বাঁশিটি হাতে নিয়ে নিজেই সুর তোলার চেষ্টা করেন। সেই থেকে শুরু। আজও চলছে তার বাঁশির মনকাড়া সুর।
বাঁশি বাজিয়ে স্ত্রী, দুই ছেলে, ছেলের বউ ও নাতি-নাতনিদের নিয়ে সংসার চালান তিনি। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গায় বাঁশি বাজিয়েছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে ভারতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সুবাদে শাস্ত্রীয় সংগীতসহ সব ধরনের গানের সুর বাঁশিতে তোলার কৌশল রপ্ত করেছেন। সংস্কৃতির জগৎ থেকে যেন বাঁশির সুর হারিয়ে না যায়, সে জন্য বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক মানুষকে বাঁশি বাজানো শিখিয়েছেন তিনি।
বংশীবাদক আবদুল্লাহ আগামীর সময়কে জানিয়েছেন, তার বয়স এখন প্রায় ৮০ বছর। ৬০ বছর ধরে বাঁশি বাজিয়ে ও বাঁশি তৈরি করে সংসার চালাচ্ছেন তিনি। এখন তার শেষ ইচ্ছা, রেডিও ও টেলিভিশনে বাঁশি বাজানোর সুযোগ পাওয়া এবং সরকারি ভাতা পাওয়া।
তিনি বলেন, ‘কেউ যদি আগ্রহ করে আমাকে টিভিতে বা কোনো চ্যানেলে নেওয়ার ব্যবস্থা করতেন তাহলে আমার মনের আশাটা পূরণ হতো।’
নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, বংশীবাদক আবদুল্লাহ অত্যন্ত গুণী শিল্পী। বেতার ও টেলিভিশনের অনুষ্ঠানে বাঁশি বাজানোর সব ধরনের যোগ্যতা ও দক্ষতা তার রয়েছে। তবে তিনি তৃণমূল পর্যায়ে বেশি কাজ করেন বলে সরকারের সংশ্লিষ্ট দপ্তর এত দিন তার গুণের যথাযথ মূল্যায়ন করেনি। তাকে নিয়ে একাধিকবার আবেদন করা হলেও সেসব আবেদন আলোর মুখ দেখেনি।



