ভারতে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দেশে আনার পরিকল্পনা, আটক ২

আটক দুই আসামি
সাতক্ষীরার কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে বিপুল অর্থের বিনিময়ে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনার অভিযোগে দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল মঙ্গলবার রাতে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের শহিদুল ইসলাম (৩৮) ও সাতহালিয়া গ্রামের বারি (৪২)।
আজ বুধবার নীলডুমুর ব্যাটালিয়ন থেকে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মন্টু লাল ও নায়েব সুবেদার ফারুক হোসেনের নেতৃত্বে খুরমি ও সাতহালিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শিবপুর বেড়িবাঁধ এলাকা থেকে শহিদুল ইসলাম এবং ললিতের মোড় থেকে বারিকে আটক করা হয়।
বিজিবির দাবি, আটক দুজন ভারতে পালিয়ে থাকা কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আলাউদ্দিনকে বিপুল অর্থের বিনিময়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছিলেন।
কালীগঞ্জ থানার ওসি শাহিনুর রহমান বলেন, 'ভারতে পালিয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দেশে আনার পরিকল্পনার অভিযোগে দুজনকে আটক করেছেন বিজিবি সদস্যরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'



