কুমিল্লায় ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে ৪৯টি ইয়াবাসহ মো. হোসেন (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতির প্রস্তুতি ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর থানার ওসি মো. আনোয়ার হোসেন চৌধুরী। তিনি জানান, মুরাদনগরে মাদকবিরোধী অভিযান চলাকালে নিমাইকান্দি এলাকা থেকে মো. হোসেনকে ৪৯টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হোসেন কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ী এলাকার (সোনা মিয়ার বাড়ি) মো. মজনু মিয়া সরকারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মুরাদনগরের নিমাইকান্দি এলাকায় একটি ভবনে ভাড়া থাকতেন।
ওসি মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মো. হোসেনের বিরুদ্ধে মুরাদনগর, দেবিদ্বার ও বাঙ্গরা বাজার থানায় মাদক, চুরি, ডাকাতির প্রস্তুতি ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। এ ঘটনায় শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে।




