ফটিকছড়ি
এনসিপি নেতাকে ছাত্রলীগ আখ্যা দিয়ে মারলেন ছাত্রদল নেতা

শাহারিয়ার নাফিজ শুভ ও আহত শুভ
চট্টগ্রামের ফটিকছড়ির শাহারিয়ার নাফিজ শুভ (২১) নামের এক এনসিপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।
গতকাল বুধবার রাতে উপজেলার বাগানবাজার বড় বিল এলাকায় প্রকাশ্যে এই ঘটনা ঘটে ।
আহত শুভ বাগান বাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব-হলুদিয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে। তিনি উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব।
অভিযুক্ত ছাত্রদল নেতা ফয়জুল হক সাকিব (২২)। তিনি বাগান বাজার ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ গার্ডের দোকান এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন বিরোধী মিছিল করছিল সাকিবের নেতৃত্বাধীন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিলটি বড়বিল বাজারে পৌঁছালে সেখানে থাকা এনসিপি নেতা শাহারিয়ার নাফিজ শুভকে ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে মারধর শুরু করেন। তাকে বাঁচাতে গিয়ে তার বাবাও আহত হন। উভয়কে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী পার্বত্যজেলা খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বাবা-ছেলে চিকিৎসা নেন।
আহত এনসিপি নেতা শাহারিয়ার নাফিজ শুভ বলেন, ‘ছাত্রদলের ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ-ছাত্রলীগ বিরোধী মিছিলকে আমরা স্বাগত জানাই। কিন্তু এইভাবে প্রকাশ্যে বাজারে আমাকে ও আমার বাবাকে মারধর করবে কখনো ভাবিনি। অথচ আমার বাবা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি কোনো দিন ছাত্রলীগ বা দোসরের রাজনীতি করিনি। জুলাই আন্দোলনে এলাকায় রাজপথে আমার ভূমিকা সবাই দেখেছে।’
অভিযুক্ত ছাত্রদল নেতা মো. ফয়জুল হক সাকিব বলেন, ‘ছেলেটি ইতিপূর্বে ছাত্রলীগের এককর্মীকে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড থেকে বাঁচিয়েছে, ফলে তাকে মারধর করেছি।’
তিনি বলেন, ‘সে নিজেও ছাত্রলীগ করত এবং দোসরের রাজনীতি করত। সাবেক দোসর আওয়ামী লীগের চেয়ারম্যান সাজুর সাথে ঘনিষ্ট সম্পর্ক ছিল। একসময় আমাকেও সবাই মিলে মেরেছে।’
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



