রাসিক প্রশাসক
সরকারি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করা হবে

ছবি: আগামীর সময়
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, ‘দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোয় পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই নির্দেশনা বাস্তবায়নে রাসিক নিজস্ব ভবনগুলোয় সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যক্তিপর্যায়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে নগরবাসীকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।’
আজ শুক্রবার বিকালে নগর ভবনে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।
সভায় রাজশাহী মহানগরীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও সোলার বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় রাসিক প্রশাসক আরও বললেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে সিটি করপোরেশনের নিজস্ব ভবনগুলোয় সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে। শুধু প্রাতিষ্ঠানিক পর্যায়ে নয়, ব্যক্তিপর্যায়েও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। এক্ষেত্রে নগরবাসীকে সম্পৃক্ত করা জরুরি। সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপকারিতা ও সম্ভাবনা সম্পর্কে নাগরিকদের জানাতে হবে। তাদের এ ব্যবস্থায় উদ্বুদ্ধ করতে হবে।‘
মাহফুজুর রহমান রিটন বললেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং প্রচলিত উৎসের বিদ্যুতের ওপর নির্ভরতা কমাতে এ উদ্যোগে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
মতবিনিময়সভায় নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান, প্রধান প্রকৌশলী মো. মিজানুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুল আলম চৌধুরী ও মো. ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইট, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু, সহকারী প্রকৌশলী সফিকুল হাসান ও সহকারী প্রকৌশলী জেসমিন সুলতানা সভায় অংশ নেন।



