চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী নার্সিং কলেজ— সংগৃহীত
চোর সন্দেহে যুবককে মারধর ও মৃত্যুর অভিযোগে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এলাকার ‘চারু মামার ক্যান্টিনের’ সামনে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের করা হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। নিহত রাকিবুল হাসান রকি (৩২) নগরের হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা। আর গ্রেপ্তার হওয়া তিন শিক্ষার্থী হলেন রাজশাহী নার্সিং কলেজের আতিক, সৈয়ব ও ফাহিম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির সন্দেহে রাকিবুল হাসানকে কয়েকজন শিক্ষার্থী আটক করেন। পরে তাকে স্ট্যাম্প দিয়ে মারধর করা হয়। এতে তার দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাকিবুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেছেন, ‘নিহতের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় শুক্রবার সকালে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির পেছনের প্রকৃত কারণ এবং মারধরে আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





