এম কে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী পালিত, হোমনায় দোয়া মাহফিল

ছবি: আগামীর সময়
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম কে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার পালিত হয়েছে। এ উপলক্ষে কুমিল্লার হোমনায় তাঁর বাসভবনে পরিবারের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দিনের শুরুতে মরহুম এম কে আনোয়ার ও মাহমুদা আনোয়ারের জ্যেষ্ঠ সন্তান মাহমুদ আনোয়ার কাইজার পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়ে তাঁদের কবর জিয়ারত করেন। এ সময় কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি মাহমুদ আনোয়ার কাইজার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় তিনি বক্তব্যও দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহফুজুল ইসলাম, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, নির্বাহী সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, আলমগীর সরকার, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং তিতাস উপজেলা বিএনপির সভাপতি উসমান গনি। এ ছাড়া স্থানীয় দলীয় নেতাকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এম কে আনোয়ার ১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনা উপজেলার ওপারচর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগ দিয়ে দীর্ঘ ৩৪ বছর সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি দেশের সপ্তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯০ সালে সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি রাজনীতিতে যোগ দেন। কুমিল্লা-১ এবং পরবর্তী সময়ে কুমিল্লা-২ আসন থেকে তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি শিল্প, বাণিজ্য, নৌপরিবহন ও কৃষিসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০১৭ সালের ২৪ অক্টোবর ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন এম কে আনোয়ার। তাঁর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।



