শ্রীপুরে ইয়াবা নিয়ে পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩

ছবি: আগামীর সময়
গাজীপুরের শ্রীপুরে ১২০টি ইয়াবাসহ পুলিশের এক কনস্টেবল ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারের সাথের একটি বাড়ি থেকে তাদের আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
আজ শনিবার দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল সারোয়ার মোর্শেদ (৩৮), শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সবুজ মিয়া (৩২) এবং রংপুরের কাউনিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় ভাড়া থাকতেন। পুলিশের ভাষ্য, সবুজ ও জাহাঙ্গীর দুজনেই মাদক কারবারির সাথে জড়িত।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর মন্ডল বলেন, প্রায় এক মাস আগে জাহাঙ্গীর তাদের এলাকায় একটি বাড়িতে বাসা ভাড়া নেন। এরপর থেকে ওই বাড়িতে মাদকসেবীদের আনাগোনা বাড়তে থাকে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করে পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির বিভিন্ন স্থান থেকে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করে। এ সময় ১২০টি ইয়াবা পাওয়া যায় বলে জানায় পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বলেন, আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসার পর তাদের একজন পুলিশ সদস্য বলে পরিচয় নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় ইয়াবাসহ আটকের অভিযোগে থানায় মামলা হয়েছে।



