কচুয়া
খেলতে খেলতে হঠাৎ পুকুরে, দুই শিশুর মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি

ছবি: আগামীর সময়
চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিরা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ৬ নম্বর উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া গ্রামের রহিম হোসেনের মেয়ে। অপর শিশু সামিরা চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। সে বিল্লাল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে শিশু দুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাদের ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন। পরে দ্রুত তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ডা. জহিরুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




