মেহেরপুর
কাঁটাতারের বেড়া পেরিয়ে বাবাকে শেষবিদায়

ছবি: আগামীর সময়
সীমান্তের কাঁটাতারের বেড়া বিচ্ছিন্ন করে দিয়েছিল দীর্ঘদিনের পারিবারিক যোগাযোগ। বাবার মৃত্যুসংবাদ পেয়ে অবশেষে প্রায় ৪৫ বছর পর তাকে শেষবারের মতো দেখার সুযোগ পেলেন বাংলাদেশে বসবাসরত বড় মেয়ে ফিরদৌসী খাতুন।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মেহেরপুরের মুজিবনগর স্বাধীনতা সড়কের ১০৫ নম্বর সীমান্ত পিলারের শূন্যরেখায় বেলতলায় বাবাকে শেষবারের মতো দেখেন তিনি।
মৃত মোনরুদ্দিন শেখের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছরের বেশি। ছয় সন্তানের মধ্যে তার তিন ছেলে ও তিন মেয়ে। সন্তানদের মধ্যে বড় মেয়ে ফিরদৌসী খাতুনের বিয়ে হয় বাংলাদেশের মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর নতুনপাড়ায়।
প্রায় ৪৫ বছর আগে ইসরাফিলের সঙ্গে বিয়ের পর বাংলাদেশে বসবাস শুরু করেন ফিরদৌসী খাতুন। পরবর্তী সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পর বাবার বাড়ির সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘদিন বাবার সঙ্গে সরাসরি দেখা কিংবা যোগাযোগের সুযোগ হয়নি তার।
বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পর তাকে শেষবারের মতো দেখার সুযোগ করে দিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে এই সাক্ষাতের ব্যবস্থা করা হয়।
এ সময় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির মুজিবনগর কোম্পানি সদর কোম্পানি কমান্ডার সুবেদার এনায়েত হোসেন। অন্যদিকে ভারতের পক্ষে ছয় সদস্যের একটি দল উপস্থিত ছিল। দলটির নেতৃত্ব দেন এএসআই সুনীল কুমার।
দীর্ঘ কয়েক দশকের বিচ্ছেদের পর বাবাকে শেষবারের মতো দেখার এই সুযোগে সীমান্তের শূন্যরেখায় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। বাবাকে শেষবারের মতো দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ফিরদৌসী খাতুন।




