হত্যা মামলায় জামিনে বেরিয়ে হত্যার শিকার

সংগৃহীত ছবি
কুমিল্লার তিতাস উপজেলায় জামিনে বেরিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক হত্যা মামলার আসামি। গতকাল সোমবার রাতে মানিককান্দি গ্রামে হামলার শিকার আব্দুল লতিফ (৪৫) আজ মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত আব্দুল লতিফ উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের ধনু ভুঁইয়ার ছেলে। তিনি ২০২২ সালে ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার আসামি।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি এলাকার সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সঙ্গে বিরোধ চলছিল সাইফুল মেম্বারের লোকজনের। এর জেরে ২০২২ সালের ৬ ডিসেম্বর আবুল হোসেনের ছেলে ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. জহিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলার আসামি ছিলেন লতিফ। জামিনে মুক্ত হয়ে তিন দিন আগে ফিরেছিলেন এলাকায়।
এ বিষয়ে তিতাস থানার ওসি মো.মমিরুল হক বলেছেন, ‘সোমবার রাতে ৯৯৯-এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় লতিফকে উদ্ধার করি। পরে পুলিশ পাহারায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পাঠানো হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান ওসি।




