রাজাপুর
খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলল ফিঙ্গারপ্রিন্টে
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে খাল থেকে উদ্ধার হওয়া এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত করা হয়। নিহত ব্যক্তির নাম নুর আলম কাগজি (৩৫)। তিনি উপজেলার নৈকাঠি গ্রামের আফছার কাগজির ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ কাঠীপাড়া এলাকার কদবেলতলা নামক স্থানের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা নুর আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার পর খালে ফেলে রেখে যায়।
খবর পেয়ে সিআইডি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেন। পরে আঙুলের ছাপ বিশ্লেষণের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান, নুর আলমকে হত্যার কারণ, এ ঘটনায় কারা জড়িত এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় হত্যার পেছনের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তের প্রয়োজন।




