সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির গেটে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানালেন, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জনের একটি দল বাড়িটির সামনে আসে। এরপর তারা বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে। একপর্যায়ে বাড়ির গেটে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাড়িটির নিচতলার প্রবেশপথে আগুন জ্বলতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী আমির হোসেন বললেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শাহরিয়ার আলমের বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মাঝেমধ্যে বাড়ির কেয়ারটেকার এসে খোঁজখবর নিয়ে চলে যান। একজন নৈশপ্রহরীও মাঝেমধ্যে বাড়িটি পাহারা দিতে আসেন।’
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেছেন, ‘কয়েকজন শাহরিয়ার আলমের বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন বাধা দেওয়ায় তারা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে বাড়ির গেটে আগুন দিলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলেন।’




