অভয়নগর
নারিকেল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

গ্রাফিকস: আগামীর সময়
যশোরের অভয়নগরে নারিকেল গাছে উঠে পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের রানাভাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন রাজঘাট এলাকার তবিবুর রহমানের ছেলে। তিনি রানাভাটা এলাকায় ইব্রাহিমের ঢালাই পিলার তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা মো. ফরহাদ হোসেন সোহেল জানান, বিকেলে কারখানার পাশের একটি নারিকেল গাছে পাতা কাটতে ওঠেন ইমন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৌসুমী ইয়াসমিন জানান, হাসপাতালে নেওয়ার আগেই ইমনের মৃত্যু হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনাটি স্বীকার করে বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।





