গাজীপুরে বাড়িতে আগুন, ২ শিশুসহ দগ্ধ ৪

গ্রাফিকস: আগামীর সময়
গাজীপুর জয়দেবপুরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে জয়দেবপুরের মাঝিখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মুদি দোকান ব্যবসায়ী মহসিন প্রধান রুবেল (৩২), তার স্ত্রী সাদিয়া বেগম (২৬) এবং দুই ছেলে সোয়াদ প্রধান (৩) ও সাহেন প্রধান (৬)।
দগ্ধরা জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান।
মহসিন প্রধানের ভাগ্নি সুমাইরা জানালেন, সকাল সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। ডাইনিং রুমের সোফায় আগুন জ্বলতে দেখে তারা মামা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
সুমাইরা অভিযোগ করে বলেন, এমনি কোন কিছু থেকে আগুন লাগলে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে নিভে যেত। কিন্তু পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনের গতি আরও দ্রুত বাড়তে থাকে। তাই তারা ধারণা করছেন গান পাউডার জাতীয় কোনো কিছু দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।



